ইংল্যান্ডে দুই লরি ভর্তি গিনেস বিয়ার চুরি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা
ছবিঃ বিবিসি
ইংল্যান্ডে একটি ডিপো থেকে দুই লরি নিয়ে ৮০০ ব্যারেলের বেশি গিনেস বিয়ার চুরি করেছে চোরেরা।চুরি হওয়া এসব বিয়ারের পরিমাণ প্রায় ৭০ হাজার পাইন্ট। এর আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার পাউন্ড।
সোমবার ইংল্যান্ডের চেশায়ারের রানকোর্নের অ্যাস্টন লেনের হোয়াইটহাউস ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে বিয়ারগুলো চুরি করা হয় বলে জানিয়েছে চেশায়ার পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম লরিভর্তি বিয়ার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এবং দ্বিতীয় লরিটি রাত সাড়ে ৯টার দিকে নিয়ে যায় চোরেরা। প্রতিটি ব্যারেলে প্রায় ৮৮ পাইন্ট করে গিনেস বিয়ার ছিল। এসব বিয়ার বিভিন্ন পানশালায় সরবরাহ করার কথা ছিল।
চেশায়ার পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট ম্যাকক্ল্যাচি বলেন, ‘একটি বিখ্যাত কথা আছে, গিনেস আপনার জন্য উপকারী।
তবে সেটি কেবল তখনই প্রযোজ্য, যখন তা অর্থ দিয়ে যথাযথভাবে কেনা হয়। ’
পুলিশ জানায়, প্রথম লরিটিকে মার্সি গেটওয়ে সেতুর দিকে যেতে দেখা গেছে। আর দ্বিতীয় লরিটি রেইনহিল ও ওয়াটকিনসন ওয়ের দিকে যায়।
দুটি লরিই পুরুষ চালক চালাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
প্রথম চালকের বর্ণনায় বলা হয়েছে, তিনি শ্বেতাঙ্গ, ছোট কালো দাড়ি ছিল এবং মাথায় বিনি টুপি পরা ছিলেন। দ্বিতীয় চালকের মাথায় একটি ক্যাপ ছিল বলে ধারণা করা হচ্ছে।
চুরি হওয়া গিনেস বিয়ার ও দুটি ট্রেইলারসহ মোট চুরি হওয়া পণ্যের মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার পাউন্ড বলে জানিয়েছে পুলিশ যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
চুরি হওয়া ট্রেইলার দুটি সাদা রঙের এবং তিন অ্যাক্সেলবিশিষ্ট। এগুলোতে পর্দা রয়েছে এবং পাশের পর্দা ও পেছনের দরজায় লজিস্টিকস কোম্পানি জিএক্সওর ব্র্যান্ডিং রয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্রেইলারগুলোর পেছনের দরজার ওপরের বাম পাশে স্বতন্ত্র নম্বর রয়েছে। চুরি হওয়া ট্রেইলার দুটির নম্বর DL736 অথবা DL542।
চেশায়ার পুলিশ চুরি হওয়া বিয়ার ও ট্রেইলার উদ্ধারে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে দুই লরির চালকদের শনাক্ত করার চেষ্টা চলছে।