কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ছবিঃ সংগৃহীত।
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।গতকাল বৃহস্পতবিার রাত ১০টার দিকে শেওড়াতলা মাঠ ও আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
একই দিন রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে বিজিবির অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ১৯ হাজার ৫২৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।