ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে পড়ে , আহত ২০

ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে পড়ে , আহত ২০

ফাইল ছবি।

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা খুলে যায় বলে তারা দেখতে পান। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

তবে কী কারণে চাকাটি খুলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন।  

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯)নামে দুজন গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোফাজ্জেল হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

আহত যাত্রীদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।