নীলফামারিতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারিতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

নীলফামারীতে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলা গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যায় মোন্নাফ। শুক্রবার সকালে তার কক্ষ থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা।

ডাকাডাকি করেও দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মোন্নাফকে বিছানায় ছটফট করতে দেখা যায়। তার মুখ দিয়ে ফেনাও বের হচ্ছিল। এমতাবস্থায় তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, রাতে ঘুমের মধ্যেই কোনো বিষধর সাপ মোন্নাফকে কামড় দেয়। একা ঘুমিয়ে থাকায় বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি। সকালে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটি একা ঘুমিয়েছিল।

অসুস্থ হয়ে পড়লেও পরিবারের কেউ বিষয়টি টের পাননি। সকালে তাকে হাসপাতালে নেওয়া হলেও রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোন্নাফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।