ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বাংলাদেশিসহ আটক ৯৬
ছবিঃ সংগৃহীত।
ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা জানান, বুধবার বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।
এ সময় মানবপাচারের অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে একই এলাকায় চালানো আরেকটি অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৮ জন আফগান ও দুজন পাকিস্তানি নাগরিক।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সীমান্ত পুলিশ।
সূত্র: সিনহুয়া