নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫৫
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশু ও পুরুষসহ দুই পক্ষের প্রায় ৫৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারসংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজুল হক ও ডায়লা বাড়ির আব্দুল আওয়ালের মধ্যে পুকুরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত মাসে আব্দুল আওয়ালের পক্ষের লোকজন ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে একটি মামলা করেন।
শুক্রবার সকালে ফজুল হকের পক্ষের লোকজন পুকুরে তাদের জমি রয়েছে দাবি করে সেখানে যান। এ সময় আব্দুল আওয়ালের পক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় মাথায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাজিমুদ্দিন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫৫ জন আহত হন। তাঁদের মধ্যে আব্দুল আওয়ালের পক্ষের আহত রহিছ মিয়া, তাউস মিয়া, কালন মিয়াসহ ২৮ জনের নাম জানা গেছে। নাজিমুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফজুল হকের পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যাওয়ায় তাঁদের পক্ষের আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
নাসিরনগর থানার উপপরিদর্শক জাহান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। একজন নিহত হওয়ায় পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। সংঘর্ষ থামাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে সংঘর্ষে নাজিমুদ্দিন নামের একজন নিহত হয়েছেন।