৫ দিন পর বাসায় ফিরে দেখেন আলমারি ভাঙা, ২৫ ভরি স্বর্ণ উধাও
সংগৃহীত ছবি
নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় বাসার জানালার গ্রিল কেটে একটি বন্ধ বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা আলমারিতে রাখা কিছু নগদ টাকা ও চেক বইয়ের পাতাও নিয়ে যায়।
পৌর এলাকার সোনাইমুড়ী কলেজ রোড সংলগ্ন বিমান টাওয়ারের পাশের ‘আনোয়ারা ভিলার’ দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। তবে কখন এ স্বর্ণালংকার চুরি হয়েছে তা জানা যায়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, গত ১ সেপ্টেম্বর এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাই প্রায় ৭ কিলোমিটার দূরে বাটপাড়া গ্রামে যান।
৫ দিন পর শনিবার সকালে বাসায় ফিরে তারা দেখতে পান, ঘরের স্টিলের আলমারি ভেঙে জিনিস তছনছ করা এবং জানালার গ্রিল কাটা। আলমারিতে রাখা ২৫ ভরি স্বর্ণালংকার খোঁজাখুঁজি করেও পাননি তারা। এ ছাড়া কিছুও নগদ টাকা ও চেক বইয়ের পাতাও দুর্বৃত্তরা নিয়ে যায়।
বাসার মালিক ফখরুল ইসলাম সাইমুন জানান, স্বজনের জানাজা ও দাফন কাজের জন্য তারা বাসায় তালা মেরে ওই গ্রামে গিয়েছিলেন।
এ সুযোগে সংঘবদ্ধ চোররা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সব লুট করে নিয়ে গেছে। তবে কোন সময়ে এটি করা হয়েছে, তারা তা জানেন না। এ ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন জানিয়ে স্বর্ণালংকারগুলো উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।