ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন, সমন্বয় কমিটি
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
কমিটির মূল দায়িত্ব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব রয়েছে। নির্বাচনের মাধ্যমে তাদের মধ্য থেকে ২৫ জন প্রতিনিধি সিনেটের সদস্য হিসেবে নির্বাচিত হন।