হাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে নিলয়-জীবন

হাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে নিলয়-জীবন

ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শ্রীনিলয় কুমার দেবনাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীজীবন ঘোষ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিষ্টাব্দে সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রীরাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক শ্রীপরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

১১ সদস্যবিশিষ্ট আংশিক এই কার্যনির্বাহী সংসদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি শ্রীউজ্জ্বল চন্দ্র মোহন্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রীঅনুকূল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ শ্রীযুক্তা তনুশ্রী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রীইন্দ্র চন্দ্র বর্মন, ধর্মচক্র বিষয়ক সম্পাদক শ্রীঅন্তর চন্দ্র, কার্যালয় বিষয়ক সম্পাদক শ্রীশুভ রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রীমিঠুন কুমার রায়, প্রচার বিষয়ক সম্পাদক শ্রীকালিদাস শর্মা এবং নারী বিষয়ক সম্পাদক শ্রীযুক্তা সুমি রাণী।

বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ সংসদ প্রকাশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব আসার পর ক্যাম্পাসের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবগঠিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভাপতির দায়িত্ব পেয়ে শ্রীনিলয় কুমার দেবনাথ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি এর সভাপতির দায়িত্বভার আমার জন্য যেমন গর্বের, তেমনই দায়িত্বশীলতার। সকল ধর্ম, মত ও পথের মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে, নিজস্ব সংস্কার ও সংস্কৃতি চর্চা ও রক্ষায় সকল সনাতনীকে নিয়ে এগিয়ে যাওয়ায় হবে আমার লক্ষ্য।”

সাধারণ সম্পাদক শ্রীজীবন ঘোষ বলেন, “এই পদ শুধু সম্মানের নয়, এটি একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক। সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি-এর সাধারণ সম্পাদক হিসেবে সকলের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”