আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজন

আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজন

আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজনে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এমনটি ঘটেছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ শুক্রবার (২২ অক্টোবর )। তবে আওয়ামী লীগ নেতার দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে বিএনপি’র এক নেতা ছাগল জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেছেন।

আওয়ামী লীগ নেতার নৌকা প্রতীক প্রাপ্তিতে বিএনপি নেতার এমন আয়োজনে এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ করা যেতে পারে, নৌকার টিকিট প্রাপ্তি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল এবং ওই ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মামা-ভাগ্নে সম্পর্ক।

সূত্র জানায়, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য( মেম্বর) আনোয়ার হোসেন এই ভুঁড়িভোজের আয়োজন করেন।

এতে মূলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল। তার এই দলীয় মনোনয়ন ঘোষণা হবার পর আনন্দে উৎফুল্ল হয়ে জগতলা গ্রামের নিজ বাড়ির সামনে বিএনপি নেতা আনোয়ার হোসেন একটি ছাগল জবাই করে সবাইকে আপ্যায়নের আয়োজন করেন। তার এমন আয়োজনে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা হতবাক হয়েছেন।

এ বিষয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল সম্পর্কে আমার ভাগ্নে। আমি মেম্বার, তিনি আমাদের পরিষদের চেয়ারম্যান। আমি এবারও মেম্বার পদপ্রার্থী। আমার নির্বাচনী প্রচারণা শুরু ও আমার চেয়ারম্যানের মনোনয়ন প্রাপ্তি- এ দু’টো উপলক্ষে এই আয়োজন করেছি। এখানে দলীয় কোনো বিষয় নেই।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না; সেখানে আনোয়ার হোসেন মেম্বার পদে নির্বাচন করবেন কিংবা আওয়ামী লীগ নেতার মনোনয়ন প্রাপ্তিতে ভুঁড়িভোজ করবেন, এ বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। আমরা বিষয়টি আরো ভালোভাবে জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো কেন তিনি এমনটি করেছেন।