রামপুরায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত
রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
মাইনুলের বাসা পুর্ব রামপুরা মোল্লা বাড়ি। সে পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।