কুষ্টিয়ায় ইভিএম জটিলতায় ভোট না দিতে পেরে চলে গেলেন ভোটাররা
কুষ্টিয়ায় ইভিএম জটিলতায় ভোট না দিতে পেরে চলে গেলেন ভোটাররা
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৫নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণে জটিলতার কারণে ভোট দিতে না পেরে কয়েক শত ভোটার বাড়িতে ফিরে গেছেন। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের সময় সীমা নির্ধারণ থাকলেও ভোট দিতে না পেরে ৬ টা পর্যন্ত ২ শতাধিক মহিলা ভোটারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে ইউনিয়নটির ৫নং ওয়ার্ড পাইকপাড়া মির্জাপুর কেন্দ্রে সকাল থেকেই মহিলাদের ইভিএম এ ভোট দিতে গিয়ে আঙ্গুলের ছাপ না মেলার কারনে জটিলতা সৃষ্টি হয়। যে কারণে বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক কুষ্টিয়া মোঃ সাইদুল ইসলাম , পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খায়রুল আলম জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান , খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন উপস্থিত হয়ে ত্রুটিপূর্ন মেশিন দ্রুত সারানোর ব্যবস্থা করে এবং পুনরায় ভোট গ্রহণ শুরু করার চেষ্টা করেন এ সময় অনেক ভোটার ভোট দিতে না পেরে বাসায় চলে যান।
কিন্তু সন্ধ্যা পর্যন্ত ২ শতাধিক মহিলা ভোট দিতে না পেরে লাইনে দাঁড়িয়ে থাকেন ভোট কেন্দ্রে।ভোট দিতে না পারা ভোটারদের সাথে কথা বললে তারা জানান, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও ইভিএম মেশিনের ত্রুটির কারণে হাতের আঙ্গুলের ছাপ না মেলায় সন্ধার পরও ভোট দিতে পারিনি তারা। সারাদিন দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা।
কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, মেশিনের কোন ত্রুটি নেই ভোটারদের হাতের আঙ্গুলের ছাপ না মেলার কারণে এই ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে জেলা নির্বাচন অফিসের মাধ্যমে ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। প্রিজাইডিং অফিসারের বিশেষ ক্ষমতাবলে এখনো যারা ভোট দিতে পারেননি তাদের জাতীয় পরিচয় পত্র দেখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।