চট্টগ্রামকে ১৮৩ রানের টার্গেট দিল কুমিল্লার
চট্টগ্রামকে ১৮৩ রানের টার্গেট দিল কুমিল্লার
দুই দক্ষিণ আফ্রিকান ফাফ ডু-প্লেসিস ও ক্যামেরন ডেলপোর্টের জোড়া হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের ১৩তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডু-প্লেসিস ৫৫ বলে অপরাজিত ৮৩ ও ডেলপোর্ট ২৩ বলে অপরাজিত ৫১ রান করেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে চট্টগ্রাম। কুমিল্লার ইনিংস শুরু করেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারেই জয়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান চট্টগ্রামের স্পিনার নাসুম আহমেদ। কভারে সাব্বির রহমানকে ক্যাচ দেন জয়।
জয় ফেরার পর ডু-প্লেসিসকে নিয়ে কুমিল্লার রানের চাকা সচল রাখেন এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামা লিটন। লিটন-ডু প্লেসিসের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫২ রান পায় কুমিল্লা। ১০ ওভার শেষে কুমিল্লার রান হয় ৮২। এই জুটি ভাঙ্গতে ছয় বোলার ব্যবহার করেন চট্টগ্রামের অধিনায়ক নাইম ইসলাম। অবশেষে ১১তম ওভারে আবারো চট্টগ্রামকে উইকেট শিকারের আনন্দে ভাসান নাসুম। নিজের শেষ ওভার করতে এসে লিটনকে তুলে নেন নাসুম। ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন লিটন। ডু-প্লেসিসের সাথে দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮০ রান যোগ করেন লিটন।
এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ইংল্যান্ডের বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে ফিরেন ইমরুল।
১২তম ওভারের পঞ্চম বলে ইমরুলের বিদায়ে ক্রিজে ডু-প্লেসিসের সঙ্গী হন ডেলপোর্ট। ১৫তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৫তম হাফ-সেঞ্চুরি তুলেন ডু-প্লেসিস। এজন্য ৪০ বল খেলেছেন তিনি।
১৬ ওভারের পর থেকে দ্রুত রান তুলেন ডু-প্লেসিস ও ডেলপোর্ট। ১৬ থেকে ১৯তম ওভার পর্যন্ত ৫৩ রান নেন তারা। শরিফুলের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলে ৪টি চার ও ১টি ছক্কা হাকান ডেলপোর্ট। এতে ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির দেখা পান ডেলপোর্ট। ইনিংসের শেষ বলে ১ রান নিতে পারেন তিনি। ফলে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা।
ডু-প্লেসিসের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ডেলপোর্ট। চট্টগ্রামের নাসুম ২৩ রানে ২ উইকেট নেন। আগের ম্যাচে বিপিএলের অভিষেকেই হ্যাট্টিক করা চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি আজ উইকেটশুন্য ছিলেন। ৪ ওভারে ৩৪ রান দেন তিনি।
সূত্র: বাসস