মেঘনায় লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজডুবি, নিখোঁজ ১
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগা থানার চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় বুধবার রাতে লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।
গতরাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ এর সাথে সংঘর্ষে দারুল মাকাম-৩ নামের বালুর জাহাজ ডুবে যায়। লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। সামনের অংশে ছিদ্রও হয়েছে। অর্ধ সহস্রাধিক যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। সদর ঘাট থেকে এম ডি কীর্তন খোলা (১০) লঞ্চ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছে।
চাঁদপুর থেকে বালু বোঝাই করে ডেমরাগামী জাহাজটিতে ছয়জন স্টাফ ছিলেন। এদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মোঃ আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। এ চারজন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। আর লস্কর মোঃ হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়েছে।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির পুত্র।
ডুবে যাওয়া জাহাজের সুকানি সবুজ জানান, লস্কর মোতালেব জাহাজের ভেতরে আটকা পড়ে যায়। সে বের হতে পারেনি।
নৌপুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরার মোহাম্মদ সুমন। পুলিশ তার খোঁজ খবর করছেন।
সূত্র : বাসস