তিস্তার পানি বিপদৎসীমা ছুঁই ছুঁই
ছবি: সংগৃহীত
ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি এখন বিপদৎসীমা ছুঁই ছুঁই। রোববার সকাল ছয়টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি ছিল বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে। যেকোনো মুহূর্তে তা বিপদৎসীমা ছারিয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যেই হু হু করে বাড়তে থাকা তিস্তার পানি ঢুকেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে। বাড়ি-ঘরে ঢুকছে পানি। তলিয়ে গেছে বাদামসহ উঠতি ফসল। বড় বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের।
এদিকে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধির কারণে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গীমারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী;
কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুণ্ডা ইউনিয়নে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানিয়েছেন, বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তায় গত বুধবার রাত ৯টা থেকে পানি বাড়তে শুরু করেছে। ওই সময় থেকে ৫১ দশমিক ৮৩ থেকে বেড়ে রোববার সকাল ছয়টায় হয়েছে ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার। যা বিপদৎসীমার ৫২ দশমিক ৬০ এর মাত্র ১৫ সেন্টিমিটার নিচে। এ কারণে তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে ও কোনো কোনো স্থানে যেকোনো মুহূর্তে বিপদৎসীমা অতিক্রম করবে বলেও আশঙ্কা করছেন তিনি।