হরমুজ প্রণালীতে নতুন ড্রোন পরীক্ষা ইরানের

হরমুজ প্রণালীতে নতুন ড্রোন পরীক্ষা ইরানের

সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে বার্ষিক সামরিক মহড়ায় নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় টিভি শনিবার জানায়, প্রথমবারের মতো আবাবিল-৫ অ্যাটাক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়। ড্রোনটি ৪০০ কিলোমিটার উড়ে (প্রায় ২৫০ মাইল) তার লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করে। ইরান গত কয়েক দশকে আরো কয়েক ধরনের সামরিক ড্রোনের পরীক্ষা চালিয়েছে।

সামরিক ড্রোন নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করছে, মস্কোকে ইরান যেসব ড্রোন সরবরাহ করছে, সেগুলো পাশ্চাত্য-সমর্থিত ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে।

নভেম্বরে ইরান স্বীকার করে, সে রাশিয়াকে ড্রোন দিয়েছে। তবে এগুলোর দেয়া হয়েছে ইউক্রেন যুদ্ধের আগে। ইরান জানায়, সে এই যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

হরমুজ প্রণালীর অবস্থান পারস্য উপসাগরের মুখে। এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সাগরবাহিত তেলের এক-পঞ্চমাংশ এখান দিয়ে অতিক্রম করে।

ইরানের 'জুলফাগার-১৪০১' নামের সামরিক মহড়ায় কমান্ডো ও বিমানবাহী পদাতিক বাহিনী অংশ নেয়। এছাড়া জঙ্গিবিমান, হেলিকপ্টার, সামরিক পরিবহন বিমান, সাবমেরিনও অংশ নেয়। ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিমানবিধ্বংসী অস্ত্রও ব্যবহার করে।

ইরানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। নৈতিক পুলিশের হাতে আটক অবস্থায় এক নারীর মৃত্যুর পর ওই বিক্ষোভ শুরু হয়।

সূত্র : ডেইলি সাবাহ