শৈলকূপায় নকল বিড়ি তৈরির উপকরন জব্দ, গ্রেফতার ২

শৈলকূপায় নকল বিড়ি তৈরির উপকরন জব্দ, গ্রেফতার ২

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি, জাল ব্যান্ডরোল, নিষিদ্ধ পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার খুলুনবাড়ী গোবিন্দপুর নামক স্থানে এ বিশেষ অভিযান পরিচালানা করেন শৈলকূপা থানা পুলিশ। এ অভিযান থেকে নকল বিড়ি উৎপাদনকারী আবেদ আলী ও ইনু ঘটককে গ্রেফতার করেছে পুলিশ।

শৈলকূপা থানা সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধ কমদামী বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের নির্দেশে ও এস.আই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শৈলকূপার খুলুনবাড়ী গোবিন্দপুরের কয়েকটি বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত মাসুদ বিড়ি, মনসুর বিড়ি, লতিফ বিড়ি, জাল ব্যান্ডরোল, সিগারেট পেপার, লেভেল ফিল্টার, নিষিদ্ধ পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়। বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরনসহ আবেদ আলী ও ইনু ঘটক নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে শৈলকূপা থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।