সিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে আ.লীগ : নাছিম

সিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে আ.লীগ : নাছিম

সিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে আ.লীগ : নাছিম

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের লক্ষ্যে সমন্বিতভাবে আওয়ামী লীগ কাজ করছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করলে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে।

রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জন্য গঠিত সাংগঠনিক টিমের সভায় তিনি এসব কথা বলেন।বাহাউদ্দিন নাছিম বলেন, নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি। কার্যক্রমকে আরো বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, যেহেতু প্রতীক এখনো বরাদ্দ হয়নি, তাই আমরা এখনো পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করিনি। নির্বাচনী বিধি যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে আমাদের নজর রয়েছে। নির্বাচন কমিশনের সকল আদেশ আমাদের মেনে নেয়ার মানসিকতা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করার লক্ষে আগামী ২৬ মে বিকেল ৩টায় ও ১ জুন বিকেল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।