ব্রহ্মপুত্র নদে চোরাবালিতে আটকে যুবকের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে চোরাবালিতে আটকে যুবকের মৃত্যু

সংগৃহীত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর থানার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানা যায়, বিয়ের পর থেকে শারফুল নগরীর থানার ঘাট এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসলে নেমে চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকে। তবে, তার বন্ধুরা মনে শারফুল মজা করছে। এমনটি ভেবে তার কাছে কেউ যায়নি।

এদিকে, আস্তে আস্তে শারফুল তলিয়ে গেলে তার বন্ধুরা ভয়ে নদ থেকে উঠে লোকজনকে ডাকাডাকি করেন। পরে সবাই মিলে ঘণ্টাখানেক খোঁজার পর চোরাবালি থেকে মৃত অবস্থায় তাকে তুলে আনেন। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি কেউ থানায় জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।