দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ১৫ জুলাই
ছবিঃ সংগৃহীত।
কুমিল্লার দাউদকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)।
শনিবার(১৫ জুলাই) উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের বারপাড়া ইউনিয়নের ইছাপুরে প্রায় ৪১কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম জানান, ২০১৪-১৫ সালের প্রকল্পটি জমি অধিগ্রহণ করা হলেও দরপত্র সংক্রান্ত জটিলতার কারণে ২০২১সালে নির্মান কাজ শুরু করা হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, ট্রেনিং সেন্টারটিতে তিন মাসের অর্থাৎ ৩৬০ ঘন্টা মেয়াদি ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। অটোমোবাইল, ওয়েল্ডিং, রেফ্রিজারেটর, গার্মেন্টস ও সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এ ছাড়া এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে।
মূলত মানব সম্পন্ন উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানান অধ্যক্ষ।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, দাউদকান্দি ও আশেপাশের উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যায়, তারা মূলত এখানে প্রশিক্ষিত হয়ে যেতে পারবে। আর প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে আমাদের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে দাউদকান্দি তথা গোটা কুমিল্লা থেকে দক্ষ জনবল আমরা বিদেশে প্রেরণ করতে পারব ।