সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে একই সময়ে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তৎপর সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি শনিবার জর্ডানে অনাবাসিক দূত হিসেবে সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ আল সুদাইরির পরিচয়পত্রের একটি কপি গ্রহণ করেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আল সুদাইরি জর্ডানে বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রদূত। তিনি একই সঙ্গে জেরুজালেমে কনস্যুল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

তার পরিচয়পত্র গ্রহণ করে আল খালিদি বলেছেন, এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। সৌদি আরবের দূতও এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এতে সৌদি আরবের বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রবল ইচ্ছাশক্তি প্রকাশ পেয়েছে।

তারা ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চেয়েছেন। আম্মানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে ওই পরিচয়পত্র তুলে দেয়া হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। একে দখলীকৃত পশ্চিমতীরে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী একটি পদক্ষেপ হিসেবে দেখছেন ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল। তিনি বলেন, ফিলিস্তিনের একটি পূর্ণাঙ্গ সার্বভৌম রাষ্ট্রের অধিকারের প্রতি সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। এটা সেই বার্তা। যুক্তরাষ্ট্র যখন ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, ঠিক তখনই ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করলো সৌদি আরব।