মা যখন যাত্রী, পাইলটের স্বপ্নপূরণ
ফাইল ছবি
ছেলেবেলায় সবারই পাখির মত ডানা মেলে ওড়ার ইচ্ছা হয়। অনেকে শেষ পযন্ত পাইলট হয়ে আকাশে ওড়ার স্বপ্নপূরণ করেন।
তবে এয়ার ইন্ডিয়ার পাইলট তনিশ আরোরার স্বপ্ন ছিল মাকে নিয়ে ওড়ার। এভিয়েশন ক্যারিয়ার শুরু করার পর থেকে প্রথমবার নিজের পরিচালিত বিমানে মাকে যাত্রী হিসেবে ভ্রমণ করিয়ে তনিশ তার জীবনের একটি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।
শনিবার তনিশ তার ইনস্টাগ্রাম একাউন্টে মাকে নিয়ে আকাশে ওড়ার আবেগঘন মুহূতটি শেয়ার করেছেন।
দিল্লির বাসিন্দা তনিশের ভিডিওটি শুরু হয় ডিউটিতে যাওয়ার আগে তার পাইলটের ইউনিফর্ম পরার দৃশ্য দিয়ে।
এই ফ্লাইটটি কেন এত বিশেষ, তা শেয়ার করে তিনি বলেন, ‘আজকের ফ্লাইটটি আমার কাছে সত্যিই খুব স্পেশাল। আমি ফ্লাইং ক্যারিয়ার শুরু করার পর আজই প্রথমবার আমার মাকে এমন একটি ফ্লাইটে ওড়ানোর সুযোগ পাচ্ছি, যা আমি নিজেই পরিচালনা করছি।’
ক্লিপটিতে এরপর দেখা যায় মা-ছেলের জুটি একসঙ্গে ক্যাবে করে বিমানবন্দরের দিকে যাচ্ছেন। যাত্রার সময় আরোরা তার মায়ের কাছে জানতে চান এই অভিজ্ঞতা নিয়ে তার কেমন লাগছে।
জবাবে মা সহজভাবে বলেন যে, তিনি খুবই এক্সাইটেট।
তারা বিমানবন্দরে পৌঁছানোর পর বোর্ডিংয়ের আগের মুহূর্তগুলো ভিডিওতে ধরা পড়ে। তারা দুজনে টার্মিনাল দিয়ে হেঁটে বোর্ডিং গেটের দিকে যান, যেখানে মা বিমানে ওঠার আগেই আরোরাকে ফ্লাইট প্রস্তুতির জন্য বিদায় নিতে হয়েছিল।
বিমানের দিকে রওনা হওয়ার আগে তিনি তার মায়ের কাছে জানতে চান, ওড়ার আগে তিনি তাকে কিছু বলতে চান কি না। মা একটি সহজ বার্তা দিয়ে উত্তর দেন, ‘ভালোভাবে এবং নিরাপদে ওড়াও।
’
এই মুহূর্তটির তাৎপর্য স্মরণ করে আরোরা বলেন, ছোটবেলায় তার মা-ই তার হাত ধরে তাকে হাঁটতে শিখিয়েছিলেন এবং বহু বছর পর আজ তিনি নিজেই মাকে আকাশে ওড়ানোর সুযোগ পেলেন। ফ্লাইট শেষ হওয়ার পর তিনি মায়ের কাছে তার অভিজ্ঞতার কথা জানতে চাইলে মা বলেন, তিনি খুবই গর্বিত এবং ছেলের বিমানে প্রথমবার ভ্রমণ করতে পেরে অত্যন্ত আনন্দিত।
তনিশ একটি হৃদয়স্পর্শী বার্তার মাধ্যমে ভিডিওটি শেষ করেন, ক্যারিয়ারে তিনি হাজার হাজার যাত্রী নিয়ে উড়বেন ঠিকই, তবে তার মা সবসময়ই তার সবচেয়ে প্রিয় যাত্রী হয়ে থাকবেন।
তনিশের আবেগঘন ভিডিওটি ভালোবেসেছেন অনেকে। অনেকেই পাইলট এবং তার মায়ের মধ্যকার এই চমৎকার বন্ধন উদযাপন করেছেন। বেশ কয়েকজন ব্যবহারকারী বলেছেন যে, এভিয়েশন সেক্টরে কর্মরত যে কারো জন্য পরিবারের সদস্যদের বোর্ডে পাওয়া সবচেয়ে বিশেষ অনুভূতিগুলোর একটি। অন্যরা এটিকে একটি স্বপ্ন সত্যি হওয়া বলে অভিহিত করেছেন। কয়েকজন অভিভাবকও কোনো একদিন এই ধরনের মুহূর্তের অভিজ্ঞতা পাওয়ার আশার কথা শেয়ার করেছেন। যেখানে একজন ব্যবহারকারী বলেছেন, তিনি আশা করেন একদিন তার মেয়েও তাকে যাত্রী হিসেবে আকাশে ওড়াবে।