সন্তানকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের মাঝে ক্যাম্পেইন ইবি রোটার্যাক্ট ক্লাবের
ছবি: নিউজজোন বিডি
ইবি প্রতিনিধি :ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে স্বেচ্ছাসেবা ও সামাজিক কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে ক্যাম্পেইন করেছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। এসময় সংগঠনটির সদস্যরা অভিভাবকদের নিকট স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে সন্তানদেরকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
শুক্রবার গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে এ প্রচারণা চালায় সংগঠনটি। এছাড়াও অভিভাবক ও ভর্তিচ্ছুদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এনং সংগঠনের কার্যক্রম ও অতিরিক্ত গরমে করণীয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সংগঠনটি।
ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে সেক্রেটারি দিদারুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মনির হোসেব, আইসিটি সেক্রেটারি জনি সরকার রিয়াজসহ অন্য সদস্যরা কার্যক্রমে অংশ নেন। সংগঠনটির সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অভিভাবকদের কাছে গিয়ে স্বেচ্ছাসেবা ও সামাজিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সন্তানদেরকে সামাজিক সংগঠনে যুক্ত হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, পরিবার সবথেকে বড় শিক্ষালয়। সেখান থেকে যদি সন্তানদের ইতিবাচক কাজে যুক্ত হতে উৎসাহিত করা হয় তাহলে সেটি বেশি ফলপ্রসু হয়। বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরণের কাজেই যুক্ত হওয়ার অবারিত সুযোগ থাকে। সামাজিক কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীরা নেতিবাচক কাজ থেকে দূরে থাকবে। অভিভাবকদের কাছে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অভিভাবকরাও বিষয়টিকে ভালোভাবে নিয়েছেন।