শ্বাসরূদ্ধকর ম্যাচে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু
ছবি: সংগৃহীত
চেন্নাই সুপার কিংসকে ২১৯ রানের টার্গেট দেওয়া হলেও প্লে-অফে কোয়ালিফাই করার জন্য চেন্নাইয়ের ২০ ওভারে ২০১ রান দরকার ছিলো।
শেষ ওভারে এসে ম্যাচটি জেতার জন্য চেন্নাইয়ের ৩৫ রান দরকার থাকলেও ১৭ রান করলেই প্লে অফ নিশ্চিত করতে পারতো পাঁচবারের আইপিএল শিরোপাধারীরা। ধোনি-জাদেজার যৌথ চেষ্টার পরও ভাগ্যবিধাতা সুপ্রসন্ন হয় কোহলির ওপরই।
শেষ দুই বলে ১০ রান দরকার থাকলেও সেখানে যশ দয়ালের দুটি অসাধারণ স্লোয়ার বল ব্যাটেই লাগাতে পারেননি জাদেজা।
এর আগে শনিবার (১৮ মে) টসে জিতে বেঙ্গালুরুর মাঠে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ সূচনা করেন ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস জুটি।
২৯ বলে ৪৭ রান করে কোহলি সাজঘরে ফিরলেও অপর প্রান্ত থেকে রানের চাকা সচল রাখেন ফাফ। ৩৯ বলে ৫৪ রান করে ফাফ ডু প্লেসিস আউট হলেও বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপের কেউই যেনো আজকের ম্যাচে বিন্দুমাত্র ঢিলেমি দেখাননি।
২৩ বলে ৪১ করেন রজত পতিদার। ১৭ বলে ৩৮ রান করেন ক্যামেরন গ্রিন। দীনেশ কার্তিক এবং ম্যাক্সওয়েল এসে যথাক্রমে ৬ বলে ১৪ এবং ৫ বলে ১৬ রান করে দলকে ২০০ পার করিয়ে আরও ১৮ রান তোলেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিল্ডারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এরপর দলীয় ১৯ রানের মাথায় ড্যারিল মিচেল আউট হয়ে গেলে বেশ চাপে পড়ে চেন্নাই।