হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
ছবি: সংগৃহীত
গুঞ্জনটা অনেক দিনের। মাঝেমধ্যেই শোনা যায়, লাল-সবুজের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। এতদিন বিষয়টি নিয়ে কোনো ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে তাকে নিয়ে আশার বাণী শুনিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে হামজার সঙ্গে যোগাযোগ করে আসছে বাফুফে। তবে বাংলাদেশের হয়ে খেলতে হলে সবার আগে পাসপোর্ট করতে হবে লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারকে। আর এই পুরো বিষয়টি দেখভাল করছে বাফুফে।
আগামী সেপ্টেম্বর উইন্ডোতে হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘আপনারা জানেন, এরই মধ্যে আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইংল্যন্ডে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত নিজে হামজার পরিবারের সঙ্গে কথা বলেছেন। হামজার পরিবার যখন দূতাবাসে যাবেন তখন তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
বাফুফের এই কর্তা আরো বলেন, ‘আমরাও (বাফুফে) তাদের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছি। কাগজ নিয়ে কোনো সমস্যা নেই। যেন দ্রুত তিনি (হামজা) অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমরা সেই ব্যবস্থা করেছি। ’
তুষার বলেন, ‘আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করেই কাজ করছি। আশা করছি, সেই উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’