মরগানের চোখে বিশ্বকাপে ফেভারিট যারা
ছবি: সংগৃহীত
শুরু হয়েছে বিশ্বকাপের ডামাডোল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ মাঠে গড়াতে চলেছে চলেছে আগামী ২ জুন থেকে (বাংলাদেশ সময়)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। এবারের আসর শেষ হবে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আর শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বার্বাডোজের ব্রিজটাউনে। ভবিষ্যদ্বাণী করছেন সাবেক ক্রিকেটাররা। এ তালিকায় নতুন করে যোগ দিলেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। তার মতে, আসন্ন বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট ভারত।
২০১৩ সালের পর আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জিততে পারেনি ভারত। তবে তিন সংস্করণেই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ফাইনাল খেলেছে দলটি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট দলটিও ভারত। মরগানের বিশ্বাস, ক্যারিবিয়ান দ্বীপে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটাবে ভারত।
২০১০ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর। সেই আসরে সুবিধা করতে পারেনি ভারত। এবার সেখানে ভারতকেই ফেভারিট মানছেন মরগ্যান। ঠিক কী কারণে ভারত ফেভারিট, সেটিও উল্লেখ করেছেন তিনি।
স্কাই স্পোর্টসে মরগান বলেছেন, ‘এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। তাদের দলে বেশকিছু ইনজুরি থাকার পরেও তারা ফেভারিট। শুধু কাগজে-কলমে নয়, শক্তির দিক দিয়েও তারা অপ্রতিরোধ্য। ভারত যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে যেকোনো দলকে হারাবে।’
২০২৪ টি-টোয়েন্টি নিয়ে স্কাই স্পোর্টসে এক সঙ্গে আলাপ-আলোচনায় বসেন নাসের হুসেইন, আথারটন ও এউইন মরগান। সেই আলোচনায় আথারটন বলেন, ‘২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ভারত আর কোনো শিরোপা জেতেনি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। সবাই আইপিএল নিয়ে কথা বলে এবং কীভাবে সেটা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটকে বদলে দিল, এটা নিয়ে যখন আলাপ-আলোচনা হয়, তখন তো এটা আরও কষ্ট দেয়। দুঃখের বিষয় এই যে তারা এটা জিতেছে আইপিএলের আগে।’
এবারের ভারত দলটি সবদিক দিয়েই ব্যালেন্সড। ব্যাটিংয়ে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের মতো ব্যাটার। আছেন যাশাভি জসওয়াল, শিভাম দুবে। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গী আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজরা। স্পিন বোলিংয়ে যুজবেন্দ্র চাহালের সঙ্গে আছেন কুলদীপ যাদব। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা যাবে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাদের।
বিশ্বকাপে ৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।