বিদ্যুৎ বিলে গ্রাহকের ভোগান্তি নিয়ে রিটের শুনানি আজ
ফাইল ছবি
প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু থাকার পরেও অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ নানাবিধ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির জন্য আজ দিন ধার্য আছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন রিটকারী আইনজীবী জামিউল হক ফয়সাল।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
গত ২১ মে এ বিষয়ে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। নোটিশে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং নীতি সংস্কারের দাবি জানানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল হাদী নোটিশটি পাঠান। এতে ২৬ মের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বিদ্যুৎ মন্ত্রণালায়ের সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
আইনজীবী জামিউল হক ফয়সাল ঢাকা মেইলকে বলেন, বাংলাদেশে প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে এবং ২০২৫ সালের মধ্যে সব ব্যবহারকারীকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর সুবিধা থাকা সত্ত্বেও ভোক্তারা অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মিডিয়া এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।