যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না
ছবি: সংগৃহীত
পবিত্র কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছেন ‘বাহিমাতুল আনআম’ বা হিংস্র নয় এমন গৃহপালিত চতুষ্পদ জন্তু।
রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, وَ لِكُلِّ اُمَّۃٍ جَعَلۡنَا مَنۡسَكًا لِّیَذۡكُرُوا اسۡمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمۡ مِّنۡۢ بَهِیۡمَۃِ الۡاَنۡعَامِ فَاِلٰـهُكُمۡ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسۡلِمُوۡا وَ بَشِّرِ الۡمُخۡبِتِیۡنَ
উচ্চারণ: ‘ওয়া লিকুল্লি উম্মাতিন জা‘আলনা-মানসাকাল লিইয়াযকুরুসমাল্লা-হি‘আলা-মা-রাঝাকাহুম মিম বাহীমাতিল আনআ-ম ফাইলা-হুকুম ইলা-হুও ওয়া-হিদুন ফালাহূআছলিমূ ওয়া বাশশিরিল মুখবিতীন’।
অর্থ: আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। রিজিক হিসেবে তাদের যেসব‘বাহিমাতুল আনআম’(চতুস্পদ জন্তু) দিয়েছি সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের মাবূদ একই মাবূদ, সুতরাং তারই নিকট আত্মসমর্পন কর এবং সুসংবাদ দাও বিনীতজনদেরকে’। (সূরা: হজ, আয়াত: ৩৪)
তাই খাওয়া হালাল এমন যেকোনো পশু দিয়ে কোরবানি করা যায় না। হরিন, বন্য ছাগল, নীলগাই ইত্যাদি খাওয়া হালাল হলেও এগুলো দিয়ে কোরবানি করা যায় না। কোরবানি করতে হবে ৬ ধরনের গবাদি পশু দিয়ে। সেগুলো হলো, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।
উট কোরবানির জন্য তা কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। এ রকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে।