নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত কাজী ফারুক (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজী ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি শেখ মোমেন।
নিহত কাজী ফারুক নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের কাজী খলিলের ছেলে। তার বুকে কয়েকটি গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাতপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। আহত হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে কাজী ফারুকসহ গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় জয় বণিক (৩১) নামে নরসিংদী মডেল থানা পুলিশের একজন উপপরিদর্শকও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।
নিহতের ভগ্নিপতি শেখ মোমেন বলেন, বুধবার ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের উপর অস্ত্র, টেটাঁ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ইসমাইল কোম্পানির ছেলে ইব্রাহিম খলিল তার হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে কাজী ফারুকের বুকে বেশ কয়েকটি গুলি করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা নিয়ে যাবার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখে। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হস্তান্তরের পর বাড়িতে নেওয়া হবে।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি হত্যাকারী ইব্রাহিম খলিল দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছে। সম্ভবত তিনি আজ রাতেই দেশ ছেড়ে পালাবেন এমনটাই আমরা জেনেছি। তাই এ অবস্থায় প্রসাশনের কাছে আমাদের জোর দাবী জানাচ্ছি খুনি ইব্রাহিম খলিল কোনো অবস্থায় যেন দেশ ছেড়ে পালাতে না পারেন। তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ বলেন, সংর্ঘষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি আর কেউ আটকও নেই।