এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে যাওয়ার আগে চোটের ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। বাংলাদেশি অলরাউন্ডারের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলন করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসনের (রিহ্যাব) প্রয়োজন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। অনুশীলনে আবার ব্যথা পেলে পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না তার।

এদিকে চোটে পড়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তও।

বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলের চামড়া ছিলে গেছে তার। এতে অবশ্য খুব বেশি সমস্যা দেখছে না টিম ম্যানেজমেন্ট। 

এশিয়ান গেমসের জন্য ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রথম পর্বের ম্যাচ শেষে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের যেকোনো একটি দল বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।