ক্রিকেটের মাঠ থেকে এবার রাজনীতির মাঠে শামি!
ছবিঃ সংগৃহিত।
ভারতের ক্রীড়াঙ্গনে গুঞ্জন, ক্রিকেট থেকে রাজনীতির মাঠে নামছেন মোহাম্মদ শামি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্দান্ত পারফর্ম করার পর থেকে জাতীয় দলের বাইরে এই তারকা পেসার। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন।
সম্প্রতি রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেছেন মোহাম্মদ শামি। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু। অনেকেই বলছেন, খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন ভারতীয় এই তারকা পেসার।
রাজনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আমরোহা সদর কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও শামি বা আরএলডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
শামির সঙ্গে আমরোহার নাড়ির টান রয়েছে। আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরেই তার বাড়ি। ফলে ‘ভূমিপুত্র’ আবেগকে সামনে রেখে তাকে প্রার্থী করার ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা।
তবে শুধু শামি নন, শোনা যাচ্ছে তার ভাই হাসিবের নামও। একথাও শোনা যাচ্ছে, শামি নিজে না দাঁড়িয়ে ভাইকে আমরোহা থেকে প্রার্থী করার বিষয়ে ভাবতে পারেন। এ নিয়ে জয়ন্তের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। হাসিব এর আগে জেলা পঞ্চায়েত সদস্য পদে নির্বাচনে লড়েছিলেন। আমরোহা সদর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণও বেশ তাৎপর্যপূর্ণ।
সমাজবাদী পার্টির মাহবুব আলি এই কেন্দ্র থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে শামির মতো জনপ্রিয় ক্রিকেটারকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ বদলের চেষ্টার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দিলীপ ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। তাকে জাতীয় দলে না দেখে সমালোচনায় সরব হয়েছেন সাবেক ক্রিকেটাররা। তার সর্বশেষ সংস্করণ দিলীপ বেঙ্গসরকার। তবে এবার প্রশ্নটা ভিন্ন, জাতীয় দলের জার্সির বদলে কি শামি এবার গায়ে তুলবেন রাজনীতির পোশাক? জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির দেখা করায় সেই জল্পনা বেড়েছে।