ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক
ছবি : রয়টার্স
ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ জোগাড় করতে প্রায় ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। এর মধ্যে ১০ বিলিয়ন ডলারের বন্ড মার্কিন মুদ্রায় এবং ১ বিলিয়ন ইউরোর বন্ড ইউরোপীয় মুদ্রায় ইস্যু করা হবে।
সোমবার প্রকাশিত একটি টার্ম শিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টার্ম শিট অনুযায়ী, ডলারভিত্তিক বন্ডগুলোর মেয়াদ হবে সাড়ে ৩ বছর, সাড়ে ৫ বছর ও সাড়ে ৭ বছর। ইউরোভিত্তিক বন্ডের মেয়াদ হবে চার ও ছয় বছর।
পরিকল্পিত আকারে বন্ড বিক্রি সম্পন্ন হলে এটি এশিয়া-প্যাসিফিক ও জাপানের অ-আর্থিক কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় করপোরেট বন্ড বিক্রির রেকর্ড গড়বে।
এলএসইজি ডেটা অনুযায়ী, এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করে এই রেকর্ড ছিল সেভেন-ইলেভেনের দখলে।
ডিলজিকের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে সবচেয়ে বড় করপোরেট বন্ড বিক্রির তালিকায়ও সফটব্যাংকের এই বন্ড অন্যতম বড় হতে পারে।
বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থের বড় অংশ ব্যবহার করা হবে ওপেনএআইয়ে সফটব্যাংকের পরবর্তী ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য। এই বিনিয়োগের তৃতীয় ধাপের অর্থ পরিশোধ আগামী ১ অক্টোবর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাকি অর্থ সাধারণ করপোরেট কাজে ব্যবহার করা হবে।
এর আগে ওপেনএআইয়ে বিনিয়োগের জন্য ১০ বিলিয়ন ডলারের একটি স্বল্পমেয়াদি ঋণসুবিধা বা ব্রিজ লোন নিয়েছিল সফটব্যাংক। নতুন বন্ড বিক্রির অর্থ দিয়ে সেই ঋণসুবিধা বাতিল করা হবে বলে টার্ম শিটে উল্লেখ করা হয়েছে।
বন্ডগুলোর মূল্য নির্ধারণ ২৪ সেপ্টেম্বর এবং নিষ্পত্তি ২৯ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত বন্ডকে বিবি-প্লাস রেটিং দিয়েছে ফিচ রেটিংস।
ফিচ জানিয়েছে, প্রতিশ্রুত বিনিয়োগগুলো অর্থায়ন করতে গিয়ে সফটব্যাংকের ঋণের পরিমাণ বাড়তে পারে। তবে প্রতিষ্ঠানটির পর্যাপ্ত তারল্য এবং পুঁজিবাজারে অর্থ সংগ্রহের সক্ষমতা বজায় থাকবে বলে তারা ধারণা করছে।
ডলারভিত্তিক বন্ডের প্রধান বুকরানার হিসেবে কাজ করছে সিটিগ্রুপ এবং ইউরোভিত্তিক বন্ডের জন্য জেপিমরগ্যান। সফটব্যাংক এ বিষয়ে টার্ম শিট নিয়ে কোনো মন্তব্য করেনি।