দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

ফাইল ছবি

ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জোবায়দা আক্তার (৩০) নামে ব্র্যাকের এক ক্রেডিট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ফেনীমুখী একটি কাভার্ডভ্যান জিরো পয়েন্ট অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ভারসাম্য হারালে পেছনে থাকা জোবায়দা আক্তার সড়কে ছিটকে পড়েন। এ সময় কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়দা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মনিরুজ্জামানকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে মারধর করেন বলে জানা গেছে। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ব্র্যাক দাগনভূঞা কার্যালয়ের অফিস ম্যানেজার মো. নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জোবায়দা আক্তারের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জোবায়দা আক্তার ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুটিরহাট এলাকার ডাক্তার বাড়ির মো. বাবুল মিয়ার মেয়ে। তিনি স্বামী ও পাঁচ বছর বয়সি এক ছেলেকে রেখে গেছেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আতাতুর্ক স্কুল মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ওই এলাকায় যানজট ও যত্রতত্র সিএনজি এবং ব্যাটারিচালিত অটোরিকশা পার্কিংয়ের কারণে সড়কে চলাচলে নানা সমস্যা সৃষ্টি হয়। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।