বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাশুড়িয়া এলাকায় জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় মুক্তিযোদ্ধা, সেনাসদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সময় মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সালামি দেওয়া হয়।
একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়। অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে তার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। জানাজা ও গার্ড অব অনার শেষে বিকালে ৫টার দিকে তাকে দাফন করা হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এছাড়া টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী-এর নেতৃত্বে পুলিশের একটি দল ও সঙ্গীয় ফোর্স গার্ড অব অনারে অংশ নেয়।
গতকাল বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ুব আলী খালাসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং অবসর গ্রহণের পর নিজ এলাকায় বসবাস করতেন।