বনানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর বনানীতে সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম খাদিজা আক্তার।
রবিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা আক্তার বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকার দুলাল হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারটি সাততলা বস্তিতে বসবাস করছে।
পেশায় পরিচ্ছন্নতাকর্মী বাবা দুলাল জানান, সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওযা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।