নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মেলবন্ধন গড়ে তোলা। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব। দেশের বৈদেশিক মুদ্রা আয়, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল কাইয়ুম মাসুদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি শেষে শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী অংশ নেন।

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। জাতিসংঘের সদস্য দেশগুলোতে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।