ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে : রিহ্যাব প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
দেশের আবাসন ব্যবসায় বিভিন্ন ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে এ খাত ক্রমেই সংকটের মুখে পড়ছে। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে সম্মিলিত রিয়েল এস্টেট ফোরাম আয়োজিত আবাসন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, আবাসন ব্যবসা বর্তমানে বিভিন্ন সমস্যার চাপে রয়েছে। একইসঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাতের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ সংকটের প্রভাব পুরো অর্থনীতিতেও পড়ছে।
মতবিনিময় সভায় আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় বেশ কয়েকজন ডেভেলপার স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার ও সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন। সভায় বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী অংশ নেন।
মতবিনিময় অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।