আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

সংগৃহীত

সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি বড় ধরনের ককটেল পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ ককটেল সদৃশ্য বস্তুর বিষয়টি নিশ্চিত করেছেন।  থানা থেকে জানানো হয়, এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে ফেলেছে।  ইতোমধ্যেই বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। স্থানটি নিরাপদ রাখার জন্য যানবাহন ও জনতার চলাচল সীমিত করা হয়েছে। 

এলাকাবাসী জানান, রাত ৯ টার দিকে পথচারীদের নজরে আসা এসব বস্তু ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলেন।

আন্ডারপাসের ভেতরে পড়ে থাকা পলিথিনে মোড়ানো বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো আছে । পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে ৯৯৯ এ খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।