চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে অভিযান, আটক ৪৪৫
প্রতিকি ছবি
চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সোমবার সকালে এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটকের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তান কখন, কোথায় ও কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পাশাপাশি পড়ালেখা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি করতে বলা হয়। একই সঙ্গে মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।