দেশম যা পারেননি, সেটা করে দেখালেন জিদান

দেশম যা পারেননি, সেটা করে দেখালেন জিদান

সংগৃহীত

খেলোয়াড়ি জীবনের মতো সম্ভবত কোচিংয়েও জিনেদিন জিদানের শুরুটা স্মরণীয় হতে চলেছে। ফ্রান্সের নতুন কোচ হিসেবে তিনি দেশের ইতিহাসে একটি বিরল অধ্যায়ে নিজের নাম লিখতে সময় নষ্ট করেননি। 

সোমবার বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের গ্রুপ ১-এর দ্বিতীয় পর্বে ১-০ গোলের জয়ে এক কীর্তি গড়েছেন জিজু। স্ট্যাটস ফুট-এর পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে কেবল চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দুটি আনুষ্ঠানিক ম্যাচ জিতলেন তিনি। হেনরি গুয়েরিন (১৯৬৪), হেনরি মিচেল (১৯৮৪) ও আইমে জ্যাক (১৯৯৪) সবশেষ এই সাফল্য পেয়েছিলেন।

দিদিয়ের দেশমের উত্তরসূরি হয়ে জিদান তার প্রথম ম্যাচেও জয় পান। তুরস্কের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ১-০ গোলে জেতে লে ব্লুরা। আগামী ২ অক্টোবর তারা ইতালির বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। 

ফ্রান্সকে সবশেষ তিন বিশ্বকাপের দুটিতে ফাইনালে তুলে একবার চ্যাম্পিয়ন হওয়া দেশমের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ড্র দিয়ে। ২০১২ সালের আগস্টে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।