আমড়ার খোসা দিয়ে তৈরি করুন সুস্বাদু আচার

আমড়ার খোসা দিয়ে তৈরি করুন সুস্বাদু আচার

ছবিঃ সংগৃহীত।

​আমড়ার মরসুমে ফলটি খাওয়ার পর খোসাগুলো ফেলে না দিয়ে একটু ভিন্নভাবে কাজে লাগাতে পারেন।ফেলে দেওয়া এই খোসা দিয়েই বানিয়ে ফেলা যায় জিভে জল আনা মুখরোচক আচার। খিচুড়ি, পোলাও কিংবা আড্ডার ফাঁকে খালি মুখে খাওয়ার জন্য এই আচার এক কথায় চমৎকার। জেনে নিন তৈরির সহজ উপায়-

​উপকরণ

​আমড়ার খোসা আধা কেজি

আখের গুড় বা চিনি ১ কাপ

​সরিষার তেল ১/২ কাপ

​রসুন বাটা ১ চা চামচ

আদা বাটা ১/২ চা চামচ

সরিষার বাটা ১ টেবিল চামচ

​হলুদ গুঁড়া ১/২ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ (ঝাল অনুযায়ী)

তেঁতুলের ক্বাথ ৩ থেকে ৪ টেবিল চামচ

​টালা জিরার গুঁড়া ১ চা চামচ

টালা শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে আমড়ার খোসাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন। এমনভাবে সিদ্ধ হয়ে করতে হবে যাতে পানি ভালোভাবে শুকিয়ে যায়, যেন একটুও পানি জমে না থাকে। সিদ্ধ খোসাগুলো পাটায় মিহি করে বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। কড়াইতে পরিমাণমতো তেল গরম করে আদা বাটা, রসুন বাটা, ​সরিষা বাটা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে বাটা আমড়ার খোসা এবং স্বাদমতো আখের গুড় বা চিনি দিয়ে দিন।

মৃদু আঁচে মসলার সঙ্গে খোসা বাটা ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে মাখামাখা হয়ে এলে নামানোর ঠিক কিছুক্ষণ আগে পরিমাণমতো তেঁতুলের ক্বাথ মিশিয়ে দিন। এতে আচারের টক-মিষ্টি ভারসাম্য ঠিক থাকবে। নামানোর ঠিক আগে ওপর থেকে টালা জিরার গুঁড়া এবং টালা শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের আমড়ার খোসার আচার। ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে রাখলে মুখে লেগে থাকার মতো এই আচার দীর্ঘদিন ভালো থাকে।