বহির্নোঙরে দুই মাদার ভেসেলের মাঝে পড়ে লাইটার ক্ষতিগ্রস্ত

বহির্নোঙরে দুই মাদার ভেসেলের মাঝে পড়ে লাইটার ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে দুটি বিদেশি মাদার ভেসেলের (বড় আকারের বাণিজ্যিক জাহাজ) মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। ওই দুই জাহাজের মাঝখানে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি লাইটার জাহাজ (ছোট আকারের পণ্যবাহী)। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত লাইটারটির নাম এমভি সানি-৫।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে পানামার পতাকাবাহী এমভি এপিজে শিরিন নামের একটি মাদার ভেসেল থেকে কয়লা লোড (বোঝাই) করছিল এমভি সানি-৫ । লাইটারটি কয়লাবাহী মাদার ভেসেলের গা ঘেঁষে অবস্থান করছিল। এ সময় লাইবেরিয়ার পতাকাবাহী এইচজি সিডনি নামের অপর একটি  মাদার ভেসেল এপিজে শিরিনের দিকে এগোতে থাকে। একপর্যায়ে শিরিনের গাঁ ঘেঁষে থাকা লাইটার জাহাজটি দুই বড় জাহাজের মাঝখানে পড়ে যায়।

লাইটারের মালিকপক্ষ এমএস হোসেন এন্টারপ্রাইজের অংশীদার জগন্নাথ কুণ্ডু বাপ্পী জানান, এমভি সানি-৫ ডকিং থেকে নামানোর পর গতকালই প্রথমট্রিপে পণ্যবোঝাই করছিল। এমভি এইচজি সিডনি নামের মাদার ভেসেলের আঘাতে লাইটারটির সামনের দিকের অবকাঠামোর ক্ষতি হয়েছে। যৌথ সার্ভের মাধ্যমে লাইটারের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য মাদার ভেসেলের স্থানীয় এজেন্টকে চিঠি দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, উভয় মাদার ভেসেলের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। এতে এইচজি সিডনির হালের ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে। বর্তমানে জাহাজ দুটি নিরাপদ অবস্থানে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি।