সাতক্ষীরা পৌরশহরে নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরা পৌরশহরে নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা পৌরশহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, নছিমন, করিমন, ভটভটি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। যানজট যেন সাতক্ষীরা শহরের নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। ১০ মিনিটের পথ পাড়ি দিতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরা। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও।

স্থানীয়দের অভিযোগ, শহরে অতিরিক্ত যানবাহনের পাশাপাশি গ্রামগঞ্জ থেকে আসা অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহন নিয়ন্ত্রণে সাতক্ষীরা পৌরসভার কার্যকর মনিটরিং না থাকায় মাসের পর মাস এই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে যানজট লেগেই থাকে। বিশেষ করে শহীদ নাজমুল সরণি, শহীদ কাজল সরণি, শহীদ সিরাজ সরণি, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সদর হাসপাতাল মোড় থেকে নিউ মার্কেট চত্বর হয়ে ইটেগাছা হাটের মোড় পর্যন্ত এবং সাতক্ষীরা-যশোর সড়কের খুলনা রাস্তার মোড় থেকে বাসটার্মিনাল হয়ে সার্কিট হাউস মোড় পর্যন্ত যানজট বেশি দেখা যায়।

এ ছাড়া নারিকেলতলা-টাউন বাজার ব্রিজ হয়ে পাকাপোল, তুফান মোড়, সুলতানপুরের কেষ্টময়রার মোড়, বড়বাজার মোড়, পাকাপোলের মোড় থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মোড় হয়ে বকুলতলা এবং পুরাতন সাতক্ষীরা সড়কেও যানজট লেগে থাকে।

এসব সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যাটারিচালিত ভ্যান-ইজিবাইক, নছিমন, করিমন ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। ফলে প্রধান সড়কগুলোতে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে শহরের দোকানপাট ও হাটবাজার বন্ধ থাকে। এ কারণে বৃহস্পতিবার ও রবিবার শহরে যানজটের মাত্রা তুলনামূলক বেশি থাকে বলে স্থানীয়রা জানান।

সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময়ও যানজটে আটকা পড়তে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে রোগীবাহী অ্যাম্বুলেন্স। একই সঙ্গে যানজটের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

এদিকে কাটিয়া টাউন বাজার থেকে আমতলা মোড় পর্যন্ত সড়কের সাতক্ষীরা পাবলিক স্কুলের সামনে ট্রাক থেকে বালি নামিয়ে রাস্তার ওপর স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী রাস্তার ওপর বালি রেখে ব্যবসা করায় সড়কটি আরও সরু হয়ে গেছে। এতে ওই এলাকায় যানজট তীব্র হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

আমতলা মোড় থেকে পাকাপোল পর্যন্ত সড়কের পাশে রয়েছে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এসপি বাংলোসংলগ্ন পাবলিক স্কুল এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের দাবি, গ্রামগঞ্জ থেকে শহরে আসা অতিরিক্ত ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে যানজট অনেকটাই কমানো সম্ভব। এ ছাড়া রাস্তার ওপর বালি রেখে ব্যবসা করা বন্ধ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত মনিটরিং জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, যানজট নিরসনে পৌরসভার ভেতরে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে মাইকিং করা হয়েছে। ট্রাফিক পুলিশ ও পৌরসভাকে মনিটরিং করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে