রংপুরে অনিয়মের অভিযোগে শিক্ষা অফিসে দুদকের অভিযান, হঠাৎ সার্ভার ডাউন
ফাইল ছবি
বিভিন্ন অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে কয়েকটি অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। তবে অভিযান চলাকালে হঠাৎ কার্যালয়ের সার্ভার ডাউন হয়ে যায়। বিষয়টি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী কর্মকর্তা এ কে এম নুরে আলমের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া।
দুদকের উপপরিচালক বলেন, নীলফামারীর সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক হাবিবুর রহমান এবং জলঢাকার মীলগঞ্জহাট ডিগ্রি কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তারের অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের সফটওয়্যার যথাযথভাবে কাজ করছে না এবং বিভিন্ন কার্যক্রমের প্রয়োজনীয় হার্ড কপিও পাওয়া যায়নি। সরকারি অফিসে সফট কপির পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও এখানে তা যথাযথভাবে মানা হয়নি বলে জানান তিনি।
দুদক কর্মকর্তা আরও জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক পরিচালক আমীর আলীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন কলেজকে এমপিওভুক্ত করার অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেও কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। এ ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।