যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কাজলা এলাকার সুফিয়া গার্মেন্টসের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে সুফিয়া গার্মেন্টসের বিপরীত পাশের সড়কে দুর্ঘটনার শিকার হন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরনে ছিল লাল কামিজ ও হলুদ রঙের সালোয়ার। স্থানীয়দের ভাষ্য, ওই নারী এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন।