রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা
সংগৃহীত
গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও তরুণ গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গবেষণা সংসদের উদ্যোগে আগামী ১ ও ২ অক্টোবর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা-২০২৬’। গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি একাডেমিক গবেষণাকে বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজনটির কনভেনর তানজিম হাসান প্রাঙ্গণ।
বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘আরইউআরএস ২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রিসার্চ ফেয়ার ২০২৬ (আরআইসিআরএফ ২০২৬)’ শীর্ষক এ সম্মেলন ও গবেষণা মেলা অনুষ্ঠিত হবে। ‘শেপিং দ্য ফিউচার থ্রু এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনের চত্বরে দুই দিনব্যাপী গবেষণা মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিরা তাদের গবেষণা, উদ্ভাবন, গবেষণালব্ধ পণ্য ও গবেষণার ফলাফল প্রদর্শন করবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে একাডেমিক পরিসরের বাইরে বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের রাজশাহীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে পুঠিয়া রাজবাড়ি ও পদ্মা নদীর তীর পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক প্যানেল আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করবে শাপলা কালচারাল স্কুল, রাজশাহী।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সম্মেলন তরুণ প্রজন্মের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গবেষকদের আন্তর্জাতিক গবেষণা সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে, গবেষণার ফলাফলকে সমাজ ও টেকসই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে সম্মেলনটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।