আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন শেরপুরের জয়া

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন শেরপুরের জয়া

সংগৃহীত ছবি

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।

শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে অবদান রাখা শিশু-কিশোরদের প্রতিবছর এই পুরস্কারের জন্য মনোনীত করে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন।

জানা গেছে, গত চার বছর ধরে শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় কাজ করছেন জয়া বণিক। উপকূলীয় এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং শিক্ষাবঞ্চনার মতো সামাজিক অনাচারের বিরুদ্ধে তিনি মাঠপর্যায়ের পাশাপাশি অনলাইনেও ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

জয়ার উদ্যোগ ও প্রচেষ্টায় একাধিক বাল্যবিবাহ বন্ধ হওয়ার পাশাপাশি অনেক পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।

এর পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করছেন জয়া। এসব উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’

শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশু-কিশোরদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।