দুর্গাপূজা ঘিরে গভীর চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন: খোকন

দুর্গাপূজা ঘিরে গভীর চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন: খোকন

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট সংগঠন গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে যে ফ্যাসিস্ট সংগঠনটি নিষিদ্ধ হয়েছে, তারা এখন নতুন চক্রান্তে মেতে উঠেছে। আগামী ডিসেম্বরে লকডাউনের নামে তাদের নেত্রী দেশে ফিরবেন, এমন গুজব ছড়িয়ে তারা দেশে একটি পরিকল্পিত সন্ত্রাসী ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে প্রতিটি পূজামণ্ডপে ভলান্টিয়ার টিম ও কঠোর নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, এবার ফ্যাসিস্ট সংগঠনের প্রধান টার্গেট হতে পারে শারদীয় দুর্গাপূজা। এই আশঙ্কা থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। তাই আমাদের এবার আগের চেয়েও অনেক বেশি সতর্ক থাকতে হবে।

নরসিংদী পৌরসভার প্রশাসক সফি উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।