গোয়ালঘর থেকে গরু চুরি করে জবাই, আটক ১

গোয়ালঘর থেকে গরু চুরি করে জবাই, আটক ১

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিকের ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অভিযোগও উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত থেকে শনিবার (৩ অক্টোবর) ভোরের মধ্যে উপজেলার কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলাম তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ক্রস জাতের গাভী গোয়ালঘরে বেঁধে রাখেন। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে গরুটি চুরি হয়েছে বলে তিনি বুঝতে পারেন।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হলে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা। সেই ছাপ অনুসরণ করে বার্না চন্দ্র শেখর (বকশিচর) গ্রামের একটি বাড়িতে গিয়ে চুরি যাওয়া গরুটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় গরুর মালিক ও তার ভাতিজার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা আনারুলের মাথায় আঘাতের চেষ্টা করা হয়। তিনি হাত দিয়ে ঠেকালে তার ডান হাতে কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে কয়েকজন অভিযুক্ত পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করে। পরে আহত আনারুলকে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।