বিটিসিএলের অব্যবহৃত সম্পদ সচল ও ইন্টারনেট খরচ কমানোর পরিকল্পনা
ছবি: সংগৃহীত
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার প্রসারের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকদের সুবিধা দিতে সেবার মূল্য বা খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের অব্যবহৃত সব সম্পদ পুনরায় কার্যকর করা এবং ডাক বিভাগে আধুনিক পার্সেল সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, উপস্থিত সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দপ্তর ও সংস্থার বিদ্যমান জনবল, সার্বিক কার্যাবলী, সাম্প্রতিক উল্লেখযোগ্য সফলতা ও অর্জন এবং ভবিষ্যতের মূল পরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন সংসদীয় কমিটির সামনে তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ খাতের বিদ্যমান নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, দেশীয় টেলিযোগাযোগ শিল্প, ডাক বিভাগের পার্সেল সার্ভিস এবং দেশজুড়ে ওয়াই-ফাই সেবার বর্তমান পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করা হয়। সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তির মান উন্নত করা, ডাক বিভাগের ডেটাবেইজে দেশের সর্বস্তরের নাগরিকদের নির্ভুল ঠিকানা সংরক্ষণ ব্যবস্থা প্রবর্তন করা এবং শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে দিকনির্দেশনা দেওয়া হয়। সামগ্রিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার প্রসারে একটি এআই-সক্ষম বাংলাদেশ গড়ে তোলা, ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, সার্বক্ষণিক কলসেন্টারের সাহায্যে গ্রাহকদের সরাসরি অভিযোগ নিষ্পত্তি, সাইবার নিরাপত্তা জোরদারকরণ এবং বিশেষ করে দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে বিশেষ জোর দিয়েছে কমিটি।
তরুণ ও নতুন প্রজন্মকে উপযুক্ত দক্ষতায় গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সরকারি টেলিফোন নেটওয়ার্ক সেবা দানকারী সংস্থা টেলিটকের দুর্বল সেবার মান উন্নত করে গ্রাহকবান্ধব করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ ও সুপারিশ প্রদান করেছে এই স্থায়ী কমিটি।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয় অধীনস্থ সকল প্রধান দপ্তর ও সংস্থার প্রধানরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।